বিশ্বকাপে ব্যাট হাতে কি দুর্দান্ত সময়টাই না পার করছেন সাকিব আল হাসান। নিজের প্রথম দুই ইনিংসেই ফিফটি করেছেন। পরের দুই ইনিংসে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ৪১ রানের ইনিংস খেলেছেন। ৫ ম্যাচে ৪২৫ রান করে সাকিব এখন আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে। সাকিবের এই পারফরম্যান্স নিয়ে বিশ্ব জুড়েই চলছে আলোচনা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু মনে করেন, সাকিব তার ব্যাটিং দর্শনে বদল এনেছেন। তাতেই পাচ্ছেন সাফল্য। আইপিএলে উপেক্ষার জবার দিতে সাকিবের মনে আলাদা তাড়না ছিল বলেও বিশ্বাস করেন লিপু।
শনিবার দেশ রূপান্তর কার্যালয়ে এসেছিলেন দেশের ক্রিকেটের কিংবদন্তি গাজী আশরাফ হোসেন লিপু। ‘দৈনিক দেশ রূপান্তর-দ্য গ্রিন লাউঞ্জ’ বিশ্বকাপ ক্রিকেট কুইজ ২০১৯- এর প্রথম পর্বের ড্র অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানের ফাঁকে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলেন।
সেই আলাপচারিতায় সাকিবের ব্যাটিং নিয়ে কথা উঠতেই লিপু বললেন, ‘‘ব্যাট হাতে সাকিব কিছুটা বদলে গেছে। সাকিব আগে যে নিজের মতো করে ক্রিকেটটা খেলতো, সেখান থেকে কিছুটা বেরিয়ে এসেছে। এখন নিজের মতো করে ক্রিকেটকে উপভোগ করতে শিখছে। নিজের মতো করে ইনিংস গড়ার চেষ্টা করে। সেটা দলের জন্য সাংঘাতিকভাবে কাজে আসে। এবং দেখে মনে হচ্ছে যে নিজেকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে।’’
লিপু বলেন, ‘‘নিজে যে নাম্বার ওয়ান অলরাউন্ডার সেটা অনেক দেশের লোকজনই মানতে চায় না। সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো চেষ্টা সাকিব করছে। কেন জানি আমার মনে হয়, নিছক ব্যক্তিগত ধারণ আমার। আইপিএলে এত উপক্ষার জবাবও এটার (সাকিবের ব্যাটিং পারফরম্যান্স) মধ্যে দিয়ে হতে পারে।’’
