সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

আইনের ফাঁক গলে পালাতে পারবেন না ডিআইজি মিজান

আপডেট : ২৩ জুন ২০১৯, ০৩:৩৭ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান আইনের ফাঁক গলে পালিয়ে যেতে পারবেন না। তাকে এরই মধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। গতকাল শনিবার রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিকে আজ দুর্নীতি দমন কমিশনে (দুদক) ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। অনুসন্ধান প্রতিবেদনে তার বিরুদ্ধে একাধিক মামলার সুপারিশ থাকবে। কমিশনের বৈঠকে বিষয়টি অনুমোদন হলেই ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

মিজানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তদন্ত শেষ হলেই তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শুরু হবে। আইনের হাত থেকে তিনি রেহাই পাবেন না।’

নারী কেলেঙ্কারি, আর্থিক অনিয়ম, ঘুষ ও দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগে ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত করছে দুদকসহ সরকারের কয়েকটি সংস্থা। উচ্চ আদালতও ডিআইজি মিজানের এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড ও তার গ্রেপ্তার এড়ানোর বিষয়ে বিস্ময় প্রকাশ করে।

সর্বশেষ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কর্মকর্তা ও পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ প্রদান করে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করে আলোচনায় আসেন ডিআইজি মিজান। ওই ঘটনার পর তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে দুদক। নতুন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় দুদকের অপর পরিচালক মঞ্জুর মোর্শেদকে। তিনি ডিআইজি মিজানের অবৈধ সম্পদ অনুসন্ধান করে প্রতিবেদন তৈরি করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ ডিআইজি মিজানের বিরুদ্ধে দুর্নীতি দমন প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং আইনে একাধিক মামলার সুপারিশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত