বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভারতে প্রচারের সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
রবিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘বিটিভি ভারতে সম্প্রচার নিয়ে সরকার একটি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ লক্ষ্যে একটি কারিগরি দল মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারত সফর করবে। তারা দেশে ফেরার পর বিটিভি কবে থেকে সেদেশে দেখা যাবে তা ঠিক করা হবে।
এছাড়া বাংলাদেশ বেতারও ভারতে প্রচারের জন্য একটি চুক্তি হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিটিভি ভারতে দেখা যায় না, এ নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে অসন্তোষ ছিল। তবে সহসা ভারতে বিটিভি দেখা যাবে। বিটিভি ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে গত ৭ মে একটি ওয়ার্কিং অ্যাগ্রিমেন্ট সই হয়। ভারতের নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী গত ১৯ জুন এই ওয়ার্কিং অ্যাগ্রিমেন্ট চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। অর্থাৎ ভারতে বিটিভি প্রদর্শনের ক্ষেত্রে সরকারি পর্যায়ে সব আয়োজন সম্পন্ন হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতে আপাতত বিটিভি দেখা যাবে। বেসরকারি টেলিভিশনের ক্ষেত্রে সরকারি পর্যায়ে কোনো বাধা নেই। সেখানে যারা ক্যাবল অপারেটর তাদের পক্ষ থেকে উচ্চ ফি দাবি করা হয়, এ কারণে সেখানে বাণিজ্যিকভাবে প্রদর্শন করা লাভজনক নয়। সেজন্য সেটি প্রদর্শন করা সম্ভব হচ্ছে না, কথাবার্তা হচ্ছে। যেহেতু একটি দুয়ার উন্মোচিত হয়েছে, ইনশাআল্লাহ খুব সহসা সবার জন্য দুয়ার উন্মোচিত হবে।
