হারিসের ব্যাটে পাকিস্তানের লড়াকু পুঁজি

আপডেট : ২৩ জুন ২০১৯, ০৭:৪১ পিএম

দুই ওপেনার ভালো শুরু এনে দিলেন। তিন নম্বরে বাবর আজম পেলেন ফিফটি। শেষ দিকে ৫৯ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন হারিস সোহেল। তাতে দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল পাকিস্তান।

লর্ডসে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রানের পুঁজি পায় সরফরাজ আহমেদের।

এদিন উদ্বোধনী জুটিতে ফখর জামান ও ইমাম-উল-হক যোগ করেন ৮১ রান। ৪৪ রান করা ফখরকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমরান তাহির। এরপর তিনি ফিফটি বঞ্চিত করেছেন ইমামকেও। ৪৪ রান করে তাহিরের বলে কট অ্যান্ড বোল্ট হন ইমাম।

বাবর আজম ও মোহাম্মদ হাফিজ তৃতীয় উইকেটে জমে গিয়েছিলেন। কিন্তু ২০ রান করে আইডেন মারকরামের শিকার হয়েছেন হাফিজ। ফলে বাবরের সঙ্গে তার ৪৫ জুটির অবসান হয়। ১৪৩ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

এরপর বাবর ও হারিস মিলে যোগ করেন ৮১ রান। বাবরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আন্দিলে ফেলুকওয়ায়ো। ৮০ বলে ৭ চারে ৬৯ রান করেন বাবর।

তবে হারিস উইকেটে থাকলেন অবিচল। পাঁচ নম্বরে ইমাদ ওয়াসিমকে নিয়ে যোগ করছেন ৭১ রান। ১৫ বলে ৩ চারে ২৩ রান করেছেন ইমাদ। আর হারিস শেষ ওভারে কাটা পড়ার আগে ৯ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান।

দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিদি সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন ইমরান তাহির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত