রাজধানীর রায়েরবাজার একটি ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন (২৫) ও আসিফ (২৬) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টার দিকে ভবন রং করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টায় তাদের মৃত ঘোষণা করে।
নিহত রাজন রং মিস্ত্রির ঠিকাদার। তার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ী থানায়। আর আসিফ রং মিস্ত্রি। তার বাড়ি মাদারীপুর। দুজনেই সাদেক খান রোডে থাকত।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলমগীর হোসেন জানান, রায়েরবাজার দুর্গা মন্দির গলির বিপরীতে একটি দুই তলা ভবনে রঙের কাজ করছিল তারা। মই বেঁধে রং করার সময় পাশের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় তারা। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
