এই জয়ে কিছু মানুষের মুখ বন্ধ হবে: পাকিস্তান কোচ

আপডেট : ২৪ জুন ২০১৯, ০১:৩২ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন পাকিস্তান কোচ মিকি আর্থার। ভারতের কাছে হারের পর দলের ছেলেরা ঘুরে দাঁড়ানোয় যারপরনাই খুশি তিনি। জানালেন, দলের এই পারফরম্যান্স এবার কিছু মানুষের মুখ বন্ধ করবে।

লর্ডসে রোববার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারায় পাকিস্তান। এই জয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও টিকিয়ে রাখল তারা। এতে পাকিস্তান শিবিরে একটা উৎফুল্ল ভাবও ফিরে এসেছে।

প্রোটিয়াদের বিপক্ষে জয়ের পর আর্থার সাংবাদিকদের বলেন, “দেওয়ালে পিঠ ঠেকে গেলে ছেলেরা কী করতে পারে সে বিষয়ে আমার ধারণা আছে। গত সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যম, সোশাল মিডিয়া সর্বোপরি অনুরাগীদের কাছে প্রবল সমালোচিত হয়েছে ছেলেরা। আশা করি আমাদের আজকের পারফরম্যান্স তাদের বাহবা কুড়োবে। অবশ্যই দিন কয়েকের জন্য কিছু মানুষের মুখ বন্ধ হবে।”

পাকিস্তান কোচের মতে, দল এখনও ভীষণভাবে সেমি-ফাইনালের দৌড়ে রয়েছে। আগামী ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে মরিয়া তারা।

শোয়েব মালিকের জায়গায় একাদশে ডাক পেয়ে দারুণ নৈপুণ্য দেখালেন হারিস সোহেল। ৫৯ বলে ৮৯ রানের ইনিংস খেলে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। হারিস সোহেলের প্রশংসা করে আর্থার বলেন, “আমি আগেও বলেছি ও দলের প্রথম তিন ব্যাটসম্যানের একজন। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে ওর মধ্যে। তবে হারিসের আজকের ইনিংসটা ব্যতিক্রমী ভাল।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত