পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের রুদ্র-তুর্য্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শেখ কামাল সেতু সংলগ্ন সলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে যাত্রীবাহী রুদ্র-তূর্য্য নামের বাসটি পটুয়াখালী যাচ্ছিল। শেখ কামাল সেতু সংলগ্ন সলিমপুর পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় বাসের সব যাত্রীই কম বেশি আহত হন।
গুরুতর আহত মর্জিনা আক্তার(৩৫), সনিয়া (২০), মেতালেব ফরাজি (৬০), গকুলচন্দ্র শীল (৪৫), দুলালকে (৩৫) উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
কলাপাড়া থানার এস আই মোজাম্মেল বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হলে তারা ঘটনা স্থলে গিয়ে বাসটির ভেতরে তল্লাশি চালায়।
