নিজের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা পেলেন মিলা

আপডেট : ২৪ জুন ২০১৯, ০৫:১৮ পিএম

গায়িকা মিলা ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

২০১৭ সালে মিলার দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় চার্জ গঠন হয় ২০১৮ সালে। কিন্তু  দেড় বছর ধরে মিলা সাক্ষী দিতে না আসায় একাধিকবার সমন জারি করা হয়।

তবুও আদালতে হাজির না হওয়ায় অবশেষে রোববার (২৩ জুন) মিলার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৯ ঢাকা।

এদিকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলা একাধিকবার আদালত, মাননীয় বিচারক, বিজ্ঞ আইনজীবীদের নিয়ে কটূক্তি করায় কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তার আইনজীবীর কাছে তাও জানতে চেয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। 

২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে তার সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা করেন। মামলার পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ। মিলার করা মামলায় বলা হয়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার এ ধরনের মারধরের ঘটনা ঘটেছে।

একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্কের পর গত ১২ই  মে তারা বিয়ে করেন। বিয়ের মাত্র ১৩ দিন পরই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। সেই জেরে বিচ্ছেদও হয় তাদের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত