আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে দেশগুলোর কয়লাসহ সব ধরনের দূষণকারী জ্বালানিতে বিনিয়োগ বন্ধের ঘোষণা দাবি করেছে পরিবেশবাদী পাঁচ সংগঠন। গতকাল সোমবার খুলনার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ (ইক্যুইটিবিডি), প্রান্তজন ট্রাস্ট, এশিয়া-প্যাসিফিক মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট ও সায়োনারা কোল যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লিন-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন গৌরাঙ্গ নন্দী ও মাহবুব আলম প্রিন্স। এতে বলা হয়, শক্তিশালী ২০টি দেশের এই জোট সম্মিলিতভাবে পৃথিবীর জ্বালানি-সংশ্লিষ্ট গ্রিন হাউজ গ্যাস নির্গমনের ৮০ শতাংশের জন্য দায়ী। তাই ক্ষতিকর কয়লা ও জীবাশ্ম জ্বালানি রোধে এই দেশগুলোর সুনির্দিষ্ট দায়দায়িত্ব আছে। কিন্তু তারা সেটি না করে বরং ক্ষতির মাত্রা বাড়িয়ে তুলছে। সংবাদ সম্মেলনে আগামী ২৮-২৯ জুন অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে কয়লা ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বন্ধ, শতভাগ নবায়নযোগ্য জ্বালানি প্রবর্তনে বিনিয়োগ, দূষণকারী শিল্পকারখানা বন্ধের দাবি জানানো হয়। এ উপলক্ষে আগামী ২৭ জুন দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ক্লিন-এর সাজ্জাদ হোসেন তুহিন, আরুবা সুলতানা মিতু, তামিম ইকবাল প্রমুখ।
