ছাত্রদল সভাপতি সম্পাদককে ন্যূনতম স্নাতক হতে হবে

আপডেট : ২৫ জুন ২০১৯, ০৩:২১ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হবেন তাদের অবশ্যই অবিবাহিত ও ন্যূনতম স্নাতক পাস হতে হবে। আগামী ১৫ জুলাই তারা কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় কাউন্সিল-২০১৯ উপলক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ, প্রার্থীর যোগ্যতা ও আচরণবিধি প্রকাশ করে এসব কথা বলা হয়েছে।

ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা কাউন্সিলর হবেন। এছাড়া যেখানে আহ্বায়ক কমিটি আছে সেখানে আহ্বায়ক, সদস্য সচিবসহ কমিটির প্রথম ৩ জনসহ মোট ৫ জন ভোটার হিসেবে গণ্য হবেন। তারা ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

প্রার্থীদের যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রত্ব আছে এমন প্রমাণপত্র দাখিল করতে হবে। ন্যূনতম স্নাতক পাসের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রমাণের জন্য সব সার্টিফিকেটের মূলকপি সঙ্গে আনতে হবে। প্রার্থীকে ২০০০ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। তবে রেজিস্ট্রেশন অবশ্যই ১৯৯৮ সালের হতে হবে। প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ইউনিট থেকে প্রাথমিক সদস্য, সাবেক অথবা বর্তমান পদের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। যদি কোনো প্রার্থী কাস্টিং ভোটের ১০ শতাংশ না পান তাহলে পরবর্তী কমিটিতে কোনোভাবেই অন্তর্ভুক্ত হতে পারবেন না।

প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে। কোনোভাবেই প্যানেল দেওয়া যাবে না। কোনো প্রকার পোস্টার, ব্যানার এবং গণমাধ্যমে নির্বাচনী প্রচার করা যাবে না। কোনোপ্রকার সভা, সমাবেশ, আপ্যায়ন বা কোনো ধরনের উপহার সামগ্রী দেওয়া যাবে না। গণমাধ্যমে সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন ও টকশোতে কোনো প্রার্থী অংশগ্রহণ করতে পারবেন না। প্রার্থীরা ভোট প্রার্থনার জন্য শুধু ভিজিটিং কার্ড বা সাদাকালো লিফলেট ব্যবহার করতে পারবেন। নির্বাচনের দিন প্রার্থী অথবা তার কোনো সমর্থক কোনো প্রকার মিছিল, সমাবেশ, প্ল্যাকার্ড, সেøাগান, ভিজিটিং কার্ড এবং লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করতে পারবেন না। আচরণবিধি লংঘন করলে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত