তিতাসের এমডিসহ তিনজনকে হাইকোর্টে তলব

আপডেট : ২৬ জুন ২০১৯, ১২:৫১ এএম

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার নিয়ম অনুসরণ না করা ও আদালতের আদেশ অমান্য করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মহাব্যবস্থাপক (জিএম) এবং উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) তলব করেছে হাইকোর্ট। আগামী ২ জুলাই তারা সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেবেন। এক আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান

ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

২০১৭ সালের ১৮ ডিসেম্বর তিতাসে ৭৯ কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থী অনেকেই অংশগ্রহণ করে। তবে চূড়ান্ত ফলাফলে তাদের বাদ দেওয়ার অভিযোগ ওঠে। এরপর মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করে নিয়োগের নির্দেশনা চেয়ে ২০১৮ সালের ২০ নভেম্বর চাকরিপ্রার্থীদের কয়েকজন হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ২০ নভেম্বর আদালত রুল জারি করে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাস কর্র্তৃপক্ষকে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশ দেয়। এরপর ৬৩ জনকে নিয়োগ দেয় তিতাস কর্র্তৃপক্ষ। তবে বাকিদের উপেক্ষা করে গত ২ এপ্রিল ১৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার পর রিটকারীরা গত ১২ মে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত