তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা এখন বিশ্বজুড়ে আলোচনায় রয়েছে। মোবাইল অ্যাপস ব্যবহার করে আমরা ট্যাক্সি ডাকছি ও বাজার করছি। ট্রেন, বাস এমনকি সিনেমার টিকিটও এর মাধ্যমে সংগ্রহ করতে অভ্যস্ত হচ্ছি। আর ফেইসবুক ও ইউটিউব আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। বিলিয়ন ডলারের অ্যাপস বাজারে বাংলাদেশি ডেভেলপারদের জন্য অপার সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এবং ব্যক্তিগত ডাটা সুরক্ষা’ সংক্রান্ত এ সেমিনারের আয়োজন করে আইইবির কম্পিউটার কৌশল বিভাগ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী আবদুস সবুর।
সবুর বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির মাধ্যমে মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন উন্নয়নে স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য বাংলাদেশকে প্রস্তুতের লক্ষ্যে এরই মধ্যে ৩১ হাজার ৯৩০ জন আইটি প্রশিক্ষিত দক্ষ জনবল তৈরি করেছে সরকার। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির ওপর দেশব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।’
