কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া ট্রাক চাপায় সন্তানের সামনেই মারা গেলেন মা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নন্দনপুরে বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পারভীন বেগম সদর উপজেলার মজলিশপুরের রেনু মিয়ার স্ত্রী।
এই ঘটনায় পারভীন বেগমের ছেলে মাসুম মিয়া (২৫) ও ছেলের শ্বশুর মুজিবুর রহমান (৬৫) আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহতের ছেলে মাসুম মিয়া জানান, সরাইল উপজেলার কুট্রাপাড়ার শ্বশুর বাড়ি থেকে মা পারভীন বেগম ও শ্বশুর মুজিবুর রহমানকে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক রিকশাটিকে চাপা দিলে রিকশাটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই পারভীন বেগম নিহত হয়। আহত হয় মাসুম মিয়া ও তার শ্বশুর মুজিবুর রহমান।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
