রাবিতে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে অব্যাহতি

আপডেট : ২৬ জুন ২০১৯, ০৫:৪৮ পিএম

শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষককে দুটি কোর্স থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে ইনস্টিটিউটের পরিচালককে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার রাতে ইনস্টিটিউটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, ওই দিন দুপুরে ইনস্টিটিউটের পরিচালক বরাবার চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী লিখিতভাবে এবং দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মৌখিকভাবে সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু অভিযুক্ত শিক্ষকের দুটি বর্ষেই কোর্স রয়েছে তাই যাতে পরীক্ষার খাতায় এর কোনো প্রভাব না পড়ে সে জন্য ওই কোর্স দুটি থেকে বিষ্ণু কুমারকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘আমি আমার বিভাগের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের শিকার হই। যার কারণে আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। আমি পড়াশোনা এবং অন্য কোনো কাজেই মনযোগ দিতে পারছি না। মেন্টাল ট্রমায় ভুগছি।’

নারী শিক্ষকদের বিষয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য করতেন উল্লেখ করে অভিযোগ পত্রে বলা হয় ‘কারণে অকারণে স্যার তার অফিসে ডেকে বসিয়ে রাখেন, ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন, অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন। তিনি আমাকে প্রায়ই রাত ১১টার পর ফোন করে কথা বলেন।’

অভিযুক্ত শিক্ষক ইনস্টিটিউটের একাধিক ছাত্রীর সামনে মেয়েদের শরীর সম্বন্ধীয় ব্যাপারে ইঙ্গিত করে নানা অশালীন কথাবার্তা বলা ও কোর্সের নম্বরের কথা বারবার উল্লেখ করে শিক্ষকের ক্ষমতা দেখাতেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত