চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানও ভাইস-চেয়ারম্যানদের সঙ্গে চন্দনাইশে কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেন, চন্দনাইশের জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
'গত দু’বারের চেয়ারম্যানের দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার চেষ্টা করব দুর্নীতি, মাদক, অস্ত্র ও ইভিটিজিং উপজেলা পরিষদ গড়ে তুলব।'
আবদুল জব্বার চৌধুরী প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে জনগণকে হয়রানি করা হলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন '২১ ও '৪১ বাস্তবায়নের অঙ্গিকার করেন।
চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী নির্বাচনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও সাংবাদিকদের সহযোগিতা চান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা।
