অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সম্পাদক আবদুস সালাম

লিয়াকত আলী খাঁন মুকুল পরিচালক পুনর্নির্বাচিত

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ এএম

বাংলাদেশ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত এ কমিটিতে মাছরাঙা টেলিভিশনের অঞ্জন চৌধুরী সভাপতি ও একুশে টেলিভিশনের আবদুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে পুনর্নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।

গতকাল রবিবার রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভাশেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে কাজী জাহেদুল হাসান সহসভাপতি ও জহিরুদ্দিন মাহমুদ মামুন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

কমিটিতে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সময় টিভির মো. হাসান, একাত্তর টিভির মোস্তফা কামাল, এনটিভির আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, আরটিভির মো. জসিম উদ্দিন, বৈশাখী টিভির টিপু আলম মিলন, নাগরিক টিভির নাভিদুল হক, যমুনা টিভির শামীম ইসলাম ও বাংলা টিভির সৈয়দ সামাদুল হক।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন ও দেশের সম্প্রচার খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এতে উপস্থিত সদস্যরা টেলিভিশন শিল্পের বিকাশ, নীতিগত চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটির নেতারা অ্যাটকোর কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর পেশাগত মর্যাদা রক্ষা ও দেশের টেলিভিশন শিল্পকে আরও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত