দেশের মানুষের যা অর্জন তা আ.লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার: আমু

আপডেট : ২৭ জুন ২০১৯, ০১:১১ এএম

দেশের মানুষের যা অর্জন তা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নেতৃত্বে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা- প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগের অবদান রয়েছে। আর এসব আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই শিল্পমন্ত্রী।

আমু বলেন, ‘১৯৪৯ সালে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দলের মূল নেতৃত্বদানকারী। বর্তমানে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করছে। বাংলাদেশে এখন পর্যন্ত যেসব দৃষ্টিনন্দন স্থাপনা হয়েছে, তা আওয়ামী লীগ সরকারই করেছে।’

দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করারও আহ্বান জানান তিনি।

নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ।

সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত