ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, আগামী ১ থেকে ১৫ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। গতকাল নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ বিষয়ক সায়েন্টিফিক সেমিনারে তিনি এ তথ্য জানান।
ডিএসসিসির আয়োজনে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগিতায় এ সেমিনার হয়। সাঈদ খোকন বলেন, ২ জুলাই থেকে মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি এবং লিফলেট বিতরণ করা হবে। তৃতীয় সপ্তাহে ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রকোপ দেখা গেলে কল সেন্টার খোলা হবে। ১৫ জুলাই থেকে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবার জন্য ৪৫০টি মোবাইল টিম কাজ করবে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, সহযোগী অধ্যাপক ডা. তানভিরুল ইসলাম, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ আহমেদ প্রমুখ।
