কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবারও নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত ও জড়িত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন। যার বিরুদ্ধে এর আগেও বিভাগের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হয়। অপরজন হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রহিম।
শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী নিয়োগ বোর্ড স্থগিত ও দুই শিক্ষককে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল (২৯ জুন) সিন্ডিকেট সভায় বিষয়টি তোলা হবে। একই সাথে ঘটনা তদন্তে কমিটি গঠন করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা যায়, দেশের একটি জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাণিজ্যের একটি অডিও ফাঁস হয়। এতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের ব্যাপারে একজন প্রার্থীর সঙ্গে বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রহিমের দুটি কথোপকথন রয়েছে।
আট মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ওই অডিও ক্লিপটিতে শিক্ষক নিয়োগে আরিফ হাসান নামের এক প্রার্থীর সঙ্গে ফোনে টাকা লেনদেনের বিষয়ে আলাপ করেন ওই দুই শিক্ষক। এ সময় প্রার্থীর সঙ্গে ১৮ লাখ টাকায় চুক্তি হয় তাদের। এর মধ্যে নিয়োগ নির্বাচনী বোর্ডের আগে ১০ লাখ এবং সিন্ডিকেটে চূড়ান্তভাবে নিয়োগ পেলে বাকি ৮ লাখ টাকা পরিশোধের বিষয়ে আলাপ হয় তাদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন ‘প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যারা শিক্ষার নামে বাণিজ্য করতে চায় তাদের ঠাঁই হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অব্যাহত আছে, থাকবে।’
