মার্ভেল স্টুডিও তাদের সুপারহিরো সিনেমার চতুর্থ পর্যায় নিয়ে বিস্তারিত জানায়নি এখানো। তা সত্ত্বেও পরের কিস্তি ‘দ্য ইটারনালস’ নিয়ে আলোচনা থেমে নেই। দ্য র্যাপের এক প্রতিবেদনে জানা যায়, সালমা হায়েককে দেখা যেতে পারে এই কিস্তিতে। তবে বিস্তারিত তথ্য মেলেনি।
ফ্রিদা, ফ্রম ডাস্ক টু টিল ডন, ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট, ডেসপারেদো, ডগমা ও ওয়ান্স আপন আ টাইম ইন সিনেমার জন্য খুবই বিখ্যাত হায়েক। সম্প্রতি অভিনয় করেছেন হাউ টু বি আ ল্যাটিন লাভার ও দ্য হিটম্যান’স বডিগার্ডে। এর আগে শোনা গিয়েছিল সার্সি চরিত্রে ‘দ্য ইটারনালস’-এ যোগ দিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। এখন অনেকে বলছেন আরেক গুরুত্বপূর্ণ চরিত্র থেনা হচ্ছেন সালমা হায়েক। এ ছাড়া রিচার্ড মাডেন ও কুমাইল নানিজিয়ানি অভিনয় করছেন এ সিনেমায়।
জ্যাক কিরবির একই নামের কমিক থেকে নির্মিত হবে ‘দ্য ইটারনালস’। যেখানে দ্য ইটারনালস নামে পরিচিত অমর কিছু চরিত্র ও তাদের প্রতিপক্ষ ডিভিয়ান্টদের গল্প উঠে আসবে। মূল কমিক বইয়ের এই চরিত্রগুলোর সঙ্গে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ভিলেন থ্যানোসও যুক্ত। তবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সঙ্গে এর গল্প কীভাবে যোগ করা হবে তা স্পষ্ট নয়। ক্লোই জাও পরিচালিত ‘দ্য ইটারনালস’ মুক্তি পাবে ২০২০ সালে।
