যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে নূর ইসলাম (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার বিকেলে কেন্দ্রের দ্বিতীয় তলার এগারো নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে লুঙ্গির ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সে গাইবান্ধা জেলার মান্দরমাথা এলাকার মতিউর রহমান মতির ছেলে। একটি চুরি মামলায় এক মাস ১০ দিন আগে গাইবান্ধা আদালত তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করে।
কেন্দ্রের সহকারী সুপার সাইদুজ্জামান হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন, বিকেলে কেন্দ্রের শিশুরা মাঠে খেলা করছিল। এ সময় নূর ইসলাম কক্ষে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে। আনসার সদস্য শান্তি পানি উত্তোলনের জন্য ৬টার দিকে মোটরের সুইচ দিতে গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক তারেক শামস বলেন, ছেলেটির গলায় ফাঁস লাগার চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
