বেনাপোলে ৩ ঘণ্টা বন্ধ ছিল আমদানি-রপ্তানি

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১১:৪৮ পিএম

এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীকে বিজিবির মারধরের প্রতিবাদে গতকাল সোমবার দুপুর থেকে বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। সিঅ্যান্ডএফআরকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে বিজিবি মারধর করেছে এমন অভিযোগে বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, ওই ব্যবসায়ী চেকপোস্টে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় তাকে দূরে সরে যেতে বললে বিষয়টি স্বাভাবিকভাবে নেননি তিনি। এতে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। পরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা জরুরি সভা করেন। বিজিবির সিও তাৎক্ষণিকভাবে বিজিবির সৈনিককে প্রত্যাহার করে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পরে বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিলে পুনরায় শুরু হয় আমদানি-রপ্তানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত