রিফাত হত্যা

আরেক মামলায় নয়ন ও রিফাতের বিরুদ্ধে পরোয়ানা

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৩:৪০ এএম

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) ও রিফাত ফরাজীর বিরুদ্ধে অন্য একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল সোমবার জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাহিদ হোসেন ২০১৮ সালে দায়ের করা একটি মামলায় এ পরোয়ানা জারি করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহ আলম গাজী জানান, গতকাল বাদীপক্ষের সর্বশেষ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আদালত।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর নয়ন বন্ড ও রিফাত ফরাজীর নেতৃত্বে ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল বরগুনার চরকলোনি এলাকার জিহাদ জামানের কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় ধস্তাধস্তির একপর্যায়ে ল্যাপটপটি ভেঙে গেলে সন্ত্রাসীরা জিহাদ জামানকে মারধর করে। এরপর জিহাদের বাবা আক্তারুজ্জামান নাসির বাদী হয়ে নয়ন বন্ড ও রিফাত ফরাজীসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বাদী আক্তারুজ্জামান নাসির বলেন, আমার ছেলেকে যেভাবে মারধর করেছিল সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কঠোর ভূমিকা পালন করত তাহলে আজ এভাবে প্রকাশ্য দিবালোকে মানুষ কুপিয়ে খুন করার সাহস পেত না। আমি এই দুই সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এদিকে গতকালের এই শুনানিতে অংশ নেননি এই দুই আসামির আইনজীবীরা। এই মামলায় এর আগের শুনানিগুলোতে নয়ন বন্ডের আইনজীবী ছিলেন আনিসুর রহমান মিলন ও রিফাত ফরাজীর আইনজীবী ছিলেন মোতালেব মিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত