বেনাপোল-ঢাকা সরাসরি ট্রেন ২৫ জুলাই থেকে

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৩:৫৭ এএম

বেনাপোল-ঢাকা সরাসরি ট্রেন চলাচল আগামী ২৫ জুলাই থেকে চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন বলে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানিয়েছেন। তিনি বলেন, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি যাত্রীদের চলাচলে সুবিধা হবে। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৬ থেকে ৭ হাজার যাত্রী ভারতে যাতায়াত করে থাকে। তাদের সিংহভাগ আসে ঢাকা থেকে। বেনাপোল থেকে পরিবহন সংকট, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানজটের কারণে যাত্রীরা নানা হয়রানির শিকার হয়। রেল চালু হওয়ায় সেই হয়রানি লাঘব হবে।

বেনাপোল স্টেশন মাস্টার জানান, বেনাপোল-ঢাকা রুটের রেলটিতে ১০টি বগি থাকবে। তবে রেলের কোনো নাম এখনো নির্ধারণ হয়নি। প্রাথমিকভাবে বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতি এক্সপ্রেস এই তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ১০টি বগির মধ্যে দুটি কেবিন, দুটি এসি চেয়ার ও বাকিগুলো সাধারণ চেয়ার থাকবে। কেবিনের ভাড়া প্রাথমিকভাবে ১ হাজার ২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার টাকা ও নন-এসি চেয়ার ভাড়া হবে ৫০০ টাকা।

সোহাগ পরিবহনে ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে ঊর্মিলা সেন বলেন, অসুস্থ বাবার চিকিৎসায় কলকাতা যাচ্ছেন। সারা রাত বাসে থেকে আরও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। রেল চালু হলে পথ বেশি হলেও অন্তত যানজটের হাত থেকে রেহাই পাওয়া যাবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসার জন্য আমরা ভারতের ওপর বেশি নির্ভরশীল। ঢাকা-বেনাপোল রুটে রেল চালু হলে শুধু বেনাপোল নয়, গোটা দেশ এগিয়ে যাবে। ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার অব কমার্সের আমদানি-রপ্তানি সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, রেল চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত