সীতাকুন্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১১:৪১ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে মোটরসাইকেলকে একটি লরি ধাক্কা দিলে সাজ্জাদুল ইসলাম চৌধুরী (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলাধীন পাক্কা রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদুল ইসলাম উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট রেল স্টেশন সংলগ্ন চৌধুরী বাড়ির মৃত ইসলাম চৌধুরীর ছেলে। তিনি সলিমপুর ইউনিয়ন আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়ি ফিরছিলেন সাজ্জাদ। বাড়ির খুব কাছে বিএসআরএম কারখানা সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তায় ইউটার্নে ঘুরাতে থাকা একটি লরি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সাবেক ছাত্রনেতা ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদ চৌধুরীর মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত