বার্মিংহামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে ক্রিকেট সমর্থকদের আগ্রহের কমতি নেই এতটুকু। ম্যাচটির টিকিট পেতে শেষ মুহূর্তেও দেখা যাচ্ছে দৌড়-ঝাঁপ।
বার্মিংহামের এজবাস্টনে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। অনলাইনে কয়েক দফা টিকিট বিক্রির পর ম্যাচের দিনও সাধারণত বিক্রি করা হয় কিছু অবিক্রিত টিকিট। কিন্তু মিলছে না বাংলাদেশ-ভারতের ম্যাচের টিকিট। ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। যার ফলে আগেই বিক্রি হয়ে গেছে টিকিট।
মঙ্গলবার সকাল থেকেই এজবাস্টন স্টেডিয়ামের সামনে টিকিটের খুঁজে জড়ো হয়েছেন বাংলাদেশি সমর্থকরা। যাদের অধিকাংশই এসেছেন অন্য শহর থেকে। স্থানীয় সময় সকাল ৬টা ৩০মিনিট থেকেই অনেকে দাঁড়িয়ে গেছেন লম্বা লাইনে। তবে দীর্ঘ সময় ধরে অপেক্ষার পরও কেউ সন্ধান পাচ্ছেন না টিকিট নামক সোনার হরিণের।
