ভিনধর্মীকে বিয়ে করায় রথযাত্রার অতিথি নুসরাত (ভিডিও)

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৩:২১ পিএম

মুসলিম হয়ে ভিনধর্মীকে বিয়ে করায় আলোচনা-সমালোচনার মুখে পড়েন কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বিশেষ করে হিন্দু রীতিতে বিয়ে, সিঁথিতে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরে সংসদে যাওয়া অনেকের ভালো লাগেনি।

সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের পাশাপাশি ইসলাম ধর্ম সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিত্বের জেরার মুখে পড়েন তিনি। তবে নায়িকা জানান, নিজের স্বাধীন ইচ্ছা অনুসারে চলবেন।

সেই ঘটনাকে সম্প্রীতির নির্দেশন হিসেবে দেখছে হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন। তাই জনপ্রিয় নায়িকাকে রথযাত্রায় বিশেষ আমন্ত্রণ জানালেন তারা।

সমালোচনার জবাবে নুসরাত ওই সময় জানান, তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন, আছেন এবং থাকবেন। এটাই আধুনিক ভারতের আদর্শ ছবি বলে মনে করছেন ইসকনের মুখপাত্র রাধারমণ দাস।

রথযাত্রার অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মঞ্চে বসবেন নুসরাত।

এই উপলক্ষে ইসকনকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে এই আয়োজন। যা পুরীর রথযাত্রার পরেই দ্বিতীয় বৃহত্তম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মমতা।

১৯ জুন তুরস্কের বোদরুম শহরের এক রিসোর্টে প্রেমিক নিখিল জৈনকে হিন্দু রীতিতে বিয়ে করেন করেন নুসরাত। পরদিন খ্রিষ্টান রীতিতে আয়োজন করা হয় হোয়াইট ওয়েডিং। এর পর দেশে ফিরে সংসদ সদস্য হিসেবে শপথ নেন নুসরাত। শিগগিরই অনুষ্ঠিত হবে তার বিবাহোত্তর সংবর্ধনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত