রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ২৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৭:২৯ পিএম

মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ২৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে  শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘আমার মা জাহানারা জামান সবসময় উচ্চশিক্ষাকে উৎসাহিত করেছেন। তার জীবনের সঞ্চয় থেকেই এই বৃত্তি প্রদান করা হচ্ছে।’

মেয়র বলেন, ‘আগামীতে বৃত্তি হিসেবে আরও বেশি অর্থ প্রদান এবং বৃত্তি প্রদানের পরিধি বাড়ানো হবে। যাতে বৃত্তি পাওয়ার মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, আইন, ইতিহাস, মনোবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই টাকায় বৃত্তি তহবিল প্রতিষ্ঠা করা হয়। প্রাথমিক পর্যায়ে এই টাকা ব্যাংকে রেখে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে বিভাগগুলোর ৫ জন শিক্ষার্থীকে মাসিক তিন হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। আগামীতে এই বৃত্তি প্রদানের পরিধি বাড়ানো হবে বলে জানান মেয়র।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম এ বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপাচার্য আব্দুস সোবহান, দুই উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত