আশুলিয়ায় তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দেয়াল ধসে মো. তাছিম হাসান নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়ার দোকাটি এলাকায় হাজী আকবর আলী মালিকানাধীন এক তলা ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
নিহত দেড় বছরের শিশু তাছিম হাসান মাগুরা জেলার নাজমুল হোসেনের ছেলে। আহতরা হলেন- আবুল কালাম, দিপু মিয়া, মৌসুমী আক্তার ও ৬ বছরের শিশু মিম। সবাই এই বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডিইপিজেডের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, গত কয়েকদিন ধরে পাইপে লাইনের লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিলো।
এ ব্যাপারে বারবার বাড়ির মালিককে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। আজ সকালে রান্না করার সময় বিস্ফোরণ হয়ে এক তলা ভবনের দু’পাশের দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে শিশু নিহত হয়েছে ও আহত আরও ৪জন।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক (দিপু) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাড়ির মালিকের কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
