ব্যাংকঋণের সুদের হার অনেক বেশি হওয়ার কারণ লাগামহীন খেলাপি ঋণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের দেশে ব্যাংকঋণের সুদের হার বেশি হওয়ার কারণ কিন্তু ‘কস্ট অব ফান্ড’ কিংবা ‘ম্যানেজমেন্ট কস্ট’ না। খেলাপি ঋণের কারণেই সুদের হার বেশি।’
তৌফিক আহমেদ চৌধুরী বলন, ‘দয়া করে খেলাপি ঋণ কমানোর দিকে নজর দিন। এটি কমানো গেলে অবশ্যই সুদের হার কমে যাবে।’
রাজধানীর বাংলামোটরে উন্নয়ন সমন্বয় কার্যালয়ে বুধবার আয়োজিত ‘এবারের বাজেট ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন’ শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন তৌফিক আহমেদ চৌধুরী।
সংলাপে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান আতিউর রহমান।
তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ‘বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা বলেছেন। কিন্তু কী ব্যবস্থা নেবেন, সেটির কোনো উল্লেখ নেই। তা ছাড়া ইচ্ছাকৃত ঋণখেলাপি কীভাবে চিহ্নিত করা হবে?’
আলোচনায় চলতি অর্থবছরের বাজেটকে উচ্চাভিলাষী, কিন্তু সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।
আতিউর রহমান বলেন, যারা টাকা চুরির জন্য ব্যাংক ঋণ নেয়, তাদের আলাদাভাবে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের সেই সক্ষমতা আছে। কিন্তু তাদের আইনি ক্ষমতা দেওয়া দরকার।
নাগরিক সংলাপে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক কে এম জমসেদ উজ জামান প্রমুখ।
