আপনার মুখে ডায়রিয়া, মাঞ্জরেকারকে জাদেজা

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০৯:৪৬ পিএম

ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারকে ধুয়ে দিলেন রবীন্দ্র জাদেজা। এই অলরাউন্ডারকে নিয়ে সমালোচনা করেছিলেন মাঞ্জরেকার। যার জবাবে টুইট করে জাদেজা যা বলেছেন, তার অর্থ দাঁড়ায় মুখে ‘ডায়ারিয়া’ হয়েছে মাঞ্জরেকারের।

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছিলেন জাদেজা। এরপর তাকে বাংলাদেশের বিপক্ষে একাদশে রাখার আভাস দিয়েছিলেন ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় ব্যাঙ্গার। কিন্তু সেই কথার প্রেক্ষিতে জাদেজার বর্তমান পারফরম্যান্সের সমালোচনা করেন মাঞ্জরেকার।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘‘সবকিছু একটু একটু করে পারে এ রকম কোনো ক্রিকেটারের ভক্ত আমি নই। ৫০ ওভারের ক্রিকেটে জাদেজা এখন ঠিক সেই অবস্থানে আছে। টেস্টের কথা যদি বলি, সে পুরোপুরি একজন বোলার। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে আমি একজন ব্যাটসম্যান ও বোলার চাইব।’’

এই সমালোচনার জবাবেই বুধবার জাদেজা টুইট করেন। মাঞ্জরেকারকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘এখনো কিন্তু আমি আপনার দ্বিগুণ ম্যাচ খেলেছি, এবং এখনো খেলে যাচ্ছি। মানুষ যা অর্জন করেছে সেটা সম্মান করতে শিখুন। আপনার মুখের ডায়রিয়া অনেক শুনেছি।’’

বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও জাদেজার এখন পর্যন্ত একটি ম্যাচও খেলা হয়নি। বদলি ফিল্ডার হিসেবেই যতটুকু মাঠে নামা। তবে ফিল্ডিংয়েই এখন পর্যন্ত বেশ নজরকাড়া পারফরম্যান্স তার। ইংল্যান্ড ম্যাচ ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন জাদেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত