তিন সড়কে বন্ধ হচ্ছে রিকশা

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০৩:৩২ এএম

রাজধানীতে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ করতে যাচ্ছে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটি (ডিটিসিএ)। গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে এক বৈঠকে প্রাথমিকভাবে গাবতলী-আজিমপুর, সায়েন্সল্যাব-শাহবাগ এবং কুড়িল-সায়েদাবাদ সড়ক পর্যন্ত রিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, ডিটিসিএর নির্বাহী পরিচালক রকিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরের সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিটিসিএর একটি কমিটি গঠিত হয়, যার প্রথম বৈঠক ছিল আজ। এই বৈঠকে আমরা ঢাকা শহরের বিভিন্ন সড়ক থেকে রিকশা, লেগুনা, হিউম্যান হলারসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিই।

মেয়র বলেন, তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে রাজধানীর কুড়িল থেকে খিলগাঁও রামপুরা হয়ে সায়েদাবাদ, গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশার পাশাপাশি অন্য সব অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন জানান, রিকশা এবং এসব যানবাহন বন্ধের কারণে নগরবাসীর যেন কোনো দুর্ভোগ পোহাতে না হয় তার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে বিআরটিসি এবং পরিবহন মালিক সমিতি। যাত্রীদের চলাচলে সড়কে পর্যাপ্ত পরিমাণ যানবাহনের ব্যবস্থা তাদের পক্ষ থেকে রাখা হবে।

এ সময় তিনি আশ্বাস দেন, সড়কের দুই পাশে ফুটপাত দখলকৃত স্থাপনা এবং অবৈধভাবে নির্মিত ভবন এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত