নেইমারকে আবার ফিরিয়ে আনতে নানাবিধ চুক্তির উপায় খুঁজছে বার্সেলোনা। তার মধ্যে একটি হল, চুক্তির সঙ্গে ফিলিপে কৌতিনহোকে যোগ করা। খবর ইএসপিএন ফুটবলের।
কৌতিনহোকে পিএসজি আগে থেকেই চায়। বার্সারও সেটি জানা। এখন নেইমারের দাম কিছুটা কমাতে পিএসজির থেকে ‘উপযুক্ত’ প্রস্তাব আশা করছে ক্লাবটি।
বার্সা ওদিকে আবার অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে গ্রিজম্যানকে আনছে। সামনের সপ্তায়ই তার সঙ্গে চুক্তি হবে। গ্রিজম্যান আসলেও নেইমারকে আনার ব্যাপারে ক্লাবটির সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে ইএসপিএন।
বার্সার উচ্চ পর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চুক্তির সঙ্গে কৌতিনহোকে যোগ করা গেলে নেইমারের ফেরার সম্ভাবনা বেড়ে যাবে।
এর আগে গত সপ্তাহে জানা যায়, বার্সেলোনা নেইমারের জন্য ২০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি। এখন শোনা যাচ্ছে, এর সঙ্গে অতিরিক্ত হিসেবে কৌতিনহোকেও দিতে রাজি!
এভাবে চুক্তি করতে গেলে বার্সার জন্য খরচটা বেশি হয়ে যাবে, সে জন্য তারা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আরেকজনকে বিক্রির চিন্তাভাবনা করছে। সেক্ষেত্রে কৌতিনহোর সঙ্গে আর কাকে বিক্রি করা হবে, সেটি এখনো জানা যায়নি।
