সরকারের আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সাবেক কাউন্সিলর মো. মকসুদ খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, সরকারের প্রায় ২ কোটি ৬০ লক্ষ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে কানাডার অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (স্থানীয়) মকসুদ খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ২০১৭ সারে ১৩ ডিসেম্বর শাহবাগ থানায় একটি মামলা করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। মামলাটির তদন্ত করেন প্রধান কার্যালয়ের অপর উপপরিচালক মনজুর আলম।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর (স্থানীয়) মেশিন রিডেবল পাসপোর্ট বাবদ বরাদ্দ করা টাকা থেকে নানা কৌশলে দুই কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে দ-বিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ উপধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। রোববার চার্জশিট আদালতে দাখিল করা হবে।
