প্রোটিয়াদের কাছে হেরে ভারতের পেছনে অস্ট্রেলিয়া

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০২:৪৩ এএম

বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচটা হলো বেশ রোমাঞ্চ জাগানিয়া। হাই-স্কোরিং ম্যাচটাতে প্রায় শেষ পর্যন্তই ছিল অনিশ্চয়তা। প্রোটিয়ারা বিদায়ের আগে নিজেদের ছাপ রেখে গেল যেখানে। দুরন্ত অস্ট্রেলিয়া হার মানল তাদের কাছে।

শনিবার ওল্ড ট্রাফোর্ডে দিবারাত্রির ম্যাচটিতে ১০ রানে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩২৫ রান করেছিল দলটি। ফ্যাফ দু প্লেসি করেন সেঞ্চুরি। জবাবে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরির পরও হার মানতে হয়েছে অজিদের। ১ বল বাকি থাকতেই ৩১৫ রানে গুটিয়ে গেছে দলটি।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য ছিল শেষের আগে কিছু প্রাপ্তি খুঁজে নেওয়ার। আর অস্ট্রেলিয়ার জন্য শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার। হারের ফলে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়েই দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করল অস্ট্রেলিয়া। আর একই দিন শ্রীলঙ্কাকে হারানো ভারত ১৫ পয়েন্ট নিয়ে থাকল শীর্ষে।

৯ জুলাই প্রথম সেমিফাইনালে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে ভারত। আর ১১ জুলাই তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

রান তাড়া করতে নেমে ৩৩ রানে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার শুরুটা সুখকর হয়নি। তার ওপর আবার উসমান খাজা মাঠ ছেড়েছিলেন রিটায়ার্ড হার্ট হয়ে। ডেভিড ওয়ার্নারের ব্যাটে এরপর অজিদের লড়ে যাওয়া।

স্টিভ স্মিথ ৭ রানের বেশি করতে পারেনি। মার্কাস স্টয়নিস ফেরেন ২২ রান করে। গ্লেন ম্যাক্সওয়েলও ১২ রানে ফিরলে দক্ষিণ আফ্রিকার দিকে হেলে পড়ে ম্যাচ। তবে ছয় নম্বরে নেমে ওয়ার্নারকে দারুণ সঙ্গ দিলেন অ্যালক্স ক্যারি। ১০৮ রানের জুটি গড়েন।

আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ওয়ার্নার ফেরেন ১২২ রান করে। তাতে ক্যারির সঙ্গে তার জুটির অবসান। ১১৭ বলের ইনিংসে ১৫টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান ওয়ার্নার।

ব্যক্তিগত ৮৫ রান করে ক্যারি আউট হওয়ার পরই অস্ট্রেলিয়ার আশা ফিকে হয়ে যায়। শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫ রান। খাজা ফের ব্যাটিংয়ে নেমে পারেননি দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে। ৪৯তম ওভারে খাজা ও স্টার্কের উইকেট তুলে নেন রাবাদা। শেষ ওভারে আরো এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। রাবাদা সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন প্রিটোরিয়াস ও ফেলুকওয়ায়ো।

এর আগে ফ্যাফ দু প্লেসির সেঞ্চুরি ও রাশি ফন ডার ডুসেনের সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে বড় পুঁজি গড়ে প্রোটিয়ারা। ৯৪ বলে ১০০ রান করেন ডু প্লেসি। আর ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৯৫ রান করেন ডুসেন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন নাথান লায়ন ও মিচেল স্টার্ক। ম্যাচসেরা হয়েছেন ফ্যাফ দু প্লেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত