১২ ছাত্রী ধর্ষণ: মাদ্রাসা অধ্যক্ষ ৫ দিনের রিমান্ডে

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০২:৫৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুল ক্যাডেট মাদ্রাসায় ১২ ছাত্রী ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় অধ্যক্ষ আল আমিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রোববার ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর হাবিবুর রহমান দেশ রূপান্তরকে জানান, দুটি মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করা হলে র‌্যাবের দায়েরকৃত মামলার শুনানি হয়েছে। আরেকটি মামলার শুনানি পরে হবে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অবস্থিত অক্সফোর্ড হাইস্কুলের শিক্ষক আরিফুল ইসলামকে ২০ ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ঐ ঘটনা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়।

ফেসবুকে সেই সংবাদ দেখেন বাইতুল ক্যাডেট মাদ্রাসার ৩য় শ্রেণির এক ছাত্রীর মা। ছাত্রীটিও সংবাদ দেখে মাকে জানায়, তাদের মাদ্রাসার অধ্যক্ষ আল আমিনও ছাত্রীদের সাথে এমন করে। বিষয়টি ওই ছাত্রীর মা র‌্যাবকে জানালে তদন্তে নেমে পড়ে র‌্যাব।

ঘটনার সত্যতা পেয়ে ৪ জুলাই বাইতুল ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা আল আমিনকে আটক করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রধান আল আমিন মাদ্রাসার ১২ জন ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন। একই সাথে তিনি ওই সব শিশু শিক্ষার্থীদের পর্নগ্রাফি ভিডিওচিত্র দেখিয়ে এবং তাদের ছবি যুক্ত করে পর্নগ্রাফি বানিয়ে ব্ল্যাকমেইল করে আসামাজিক কাজে বাধ্য করতো বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, এবারও শিক্ষার্থী ছাড়া আরও কোনো শিক্ষার্থীর সাথে ওই শিক্ষক যৌনাচার করেছেন কিনা সে ব্যাপারে অভিযুক্ত আল আমিনকে আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত