ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে এক বছর ধরে কলেজ ছাত্রীকে ধর্ষণ

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০১:৫২ এএম

সংস্কৃতি মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্ত হওয়া উপসচিব রেজাউল করিম রতনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজে অধ্যক্ষ থাকা অবস্থায় এক ছাত্রীকে টানা এক বছর ধরে ধর্ষণের অভিযোগ আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এ অভিযোগ এনে তার ফাঁসিসহ ছয় দফা দাবি আদায়ে গত দুই দিন কলেজের সামনে মানববন্ধন করেছে তারা। একই দাবিতে আজ সোমবার দুপুর ২টায় আসাদগেট এলাকায় তার বাড়ির সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষর্থীরা।

তাদের একজন শাহিন দেশ রূপান্তরকে অভিযোগ করে জানান, রতন ২০১৭ সালে কলেজের অধ্যক্ষ থাকা অবস্থায় এক ছাত্রীকে নিজ রুমে অজ্ঞান করে ধর্ষণ করেন। ওই ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক বছর ধরে দিনের পর দিন ধর্ষণ করেন। এক পর্যায়ে মেয়েটি সব ফাঁস করে মামলা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মামলার তদন্ত প্রতিবেদনে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। পরে তাকে সাময়িক বরখাস্ত করেছে জন প্রশাসন মন্ত্রণালয়। চার্জশিট হওয়ার পর জামিন অযোগ্য এই মামলায় তার জামিন পাওয়া নিয়ে ঘটনার শিকার ওই শিক্ষার্থীর পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

তারা বলছেন, ধর্ষক রেজাউল করিমের ফাঁসি দিতে হবে, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা দিতে হবে, মামলার কাজ দ্রুত শেষ করতে হবে, ধর্ষণের সর্বনিম্ন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে, কোনো প্রকার জামিন মঞ্জুর করা যাবে না, মামলা শেষ না হাওয়া পর্যন্ত আসামিকে আইনের আওতায় রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত