আনোয়ারায় ভুতুড়ে বিদ্যুৎ বিলে গ্রাহকদের বিড়ম্বনা

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১০:৫২ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় জুন মাসের বিদ্যুৎ বিল হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন পল্লীবিদ্যুৎ সমিতির অনেক সাধারণ গ্রাহক। আগের পরিশোধ করা বিদ্যুৎ বিলও নতুন মাসের বিলের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সমস্যা সমাধান করতে আসা গ্রাহকদের নানা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েও হয়রানি করা হচ্ছে, করা হচ্ছে না প্রয়োজনীয় সহযোগিতা।

বিদ্যুৎ বিল নিয়ে আনোয়ারা উপজেলার গ্রাহকদের অভিযোগ প্রথম নয়। প্রায়ই বিদ্যুৎ বিল দেখে অনেক গ্রাহকের চোখ কপালে ওঠে। গত কদিন ধরে গ্রাহকরা পল্লীবিদ্যুতের জোনাল অফিসে ভিড় করেন।

সরেজমিনে পল্লীবিদ্যুৎ আনোয়ারা জোনাল কার্যালয়ে জানা যায় গ্রাহকদের বিভিন্ন অভিযোগ আর ভোগান্তির কথা। গ্রাহকরা জানান, নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গত এপ্রিল মাসের বিল পরিশোধ করার পরও জুন মাসের বিদ্যুৎ বিলের সঙ্গে ওই মাসের বিল যোগ করে দেওয়া হয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন তারা। তারা আরও জানান, এসব ভুতুড়ে বিল সংশোধন করতে এসে অফিসে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন।

উপজেলার বোয়ালিয়া গ্রামের গ্রাহক আবদুর রহমান বলেন, গত এপ্রিল মাসের বিদ্যুৎ বিলটি নির্ধারিত সময়ের মধ্যে তিনি ব্যাংকে জমা দেন। এরপরও জুন মাসের বিল পরিশোধিত ওই মাসের বিল যোগ করে দেওয়া হয়েছে।

উপকূলীয় ইউনিয়ন রায়পুরের গ্রাহক শাহনাজ আক্তার জানান, দুই-তিনশ টাকার বিল সংশোধন করতে অফিসে আসা-যাওয়ায় দুইশ টাকা গাড়ি ভাড়া লাগে। কোনো কারণে ফেরত আসতে হলে মাশুল গুনতে হয় দ্বিগুণ।

এদিকে সচেতনতার অভাবে বা স্বল্প শিক্ষার কারণে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়ে অনেক গ্রাহক একই বিল দুবার পরিশোধ করছেন। কিন্তু অতিরিক্ত আদায় করা গ্রাহকের এসব টাকা কোথায় যাচ্ছে এমন প্রশ্নের জবাবে পল্লীবিদ্যুৎ বিভাগ বলছে, সমিতির ব্যাংক হিসাবে বিলের সব টাকা জমা হয়। তবে অভিযোগ পেলে পরে বিলে তা সমন্বয় করা হয়।

চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১ আনোয়ারা জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম বলেন, যেসব গ্রাহক ব্যাংকে বিল পরিশোধ করে থাকেন প্রযুক্তিগত সমস্যার কারণে এসব বিলের প্রতিবেদন যথাসময়ে অফিসে আসে না। এ কারণে অনিচ্ছাকৃত এ ভুলটি হচ্ছে। তাছাড়া মিটার রিডার কাম ম্যাসেঞ্জারের গাফিলতির কারণেও এ ভুলটি হতে পারে। তবে যেসব গ্রাহক এ অভিযোগ নিয়ে আসছেন তাদের সমস্যা সমাধান করা হচ্ছে। এ সময় তিনি জনবল সংকটের কথাও জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত