ওল্ড ট্রাফোর্ডে আগে ব্যাট করে হারেনি কেউ, পারবে কি কিউইরা?

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৫:৪৯ পিএম

কেন উইলিয়ামসন টসে জিতলেন। কোনো ভাবনা চিন্তা নয়। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক।

মঙ্গলবার বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতলে বিরাট কোহলিও ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন। কারণ উইকেট। ওল্ড ট্রাফোর্ডের সাম্প্রতিক ইতিহাসও কি কোহলি বা উইলিয়ামসনের জানা? এই মাঠের অতীত বলে- টস জিতলে ব্যাটিং করো, ম্যাচ জিতো।

সেই হিসেবে ভাগ্য নিউজিল্যান্ডের পক্ষে। কিন্তু দলটি পারবে তো? নাকি ওল্ড ট্রাফোর্ডের এই ‘জুজু’ জয় করে ভারত লিখবে নতুন কোনো গল্প?

লিগ পর্বের মোট ৫টি ম্যাচ আয়োজিত হয়েছে ওল্ড ট্রাফোর্ডে। যে দল আগে ব্যাট করেছে জিতেছে তারাই। ১৬ জুন পাকিস্তানের বিপক্ষে অবশ্য টস হারে ভারত। তবে আগে ব্যাটিং পেয়ে জিতে নেয় ম্যাচ।

টস হারের পর কোহলি তাই বলছিলেন, ‘‘আমরাও আগে ব্যাটিংই বেছে নিতাম। ফ্রেশ উইকেট, দারুণ এবং শক্ত। একই সঙ্গে উইকেটে কোনো আর্দ্রতা নেই।’’

এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে ভারত। সে ম্যাচে ১২৫ রানে জয় পায় কোহলির দল। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা, সবাই আগে ব্যাট করে জয় পেয়েছে।

এবারের বিশ্বকাপের শেষ ২০ ম্যাচের ১৬টিতেই জয় পেয়েছে আগে ব্যাট করা দল। লিগ পর্বে ভারতের একমাত্র হারটিও পরে ব্যাট করে। ইংল্যান্ড আগে ব্যাট করে স্কোর বোর্ডে জমা করে ৩৩৭ রান। ভারত ৩১ রানে হারে ম্যাচটি।

তবে এদিনের ম্যাচ এখন পর্যন্ত ভিন্ন কিছুর আভাস দিচ্ছে। কেননটা আগে ব্যাটিং বেছে নিয়ে ধুঁকছে কিউইরা। ৩১ ওভার শেষে ২ উইকেটে হারিয়ে মাত্র ১২০ রান করতে পেরেছে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত