নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় শুরুতেই মারাত্মক হোঁচট খেয়েছে ভারত। মাত্র ৫ রানেই উইকেট ছাড়া দলটির ফর্মে থাকা তিন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল!
দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ম্যাট হেনরিকে খেলতে গিয়ে কট বিহান্ড হন চলতি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি হাঁকানো ওপেনার রোহিত। পরের ওভারে দলীয় স্কোরে আর এক রান জমা পড়তেই উইকেট ছাড়া হন পাঁচটি অর্ধশতক হাঁকানো টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি। ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও পার পাননি তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান।
চতুর্থ ওভারে আবারো আঘাত হেনরির। এই পেসারকে খেলতে গিয়ে এবার কট বিহাইন্ড হন লোকেশ রাহুল। ৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ব্যাটিং লাইন-আপের টপ অর্ডার। উইকেট ছাড়া তিন ব্যাটসম্যানের রান ১ করে।
ওল্ড ট্র্যাফোর্ডে এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।
মঙ্গলবার পুরোপুরি শেষ হয়নি দল দুটির লড়াই। বৃষ্টিতে খেলা থামার আগে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করতে পেরেছিল গত আসরের রানার্স-আপরা। বৃহস্পতিবার বাকি ২৩ বলে ৩ উইকেট হারিয়ে আরো ২৮ রান করে নিউজিল্যান্ড।
ফাইনালে যেতে ভারতের দরকার ২৪০ রান।
