সেফুদাকে নিয়ে প্রশ্নকারী শিক্ষক বরখাস্ত

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০২:২৯ এএম

প্রশ্নপত্রে সিফাত উল্লাহ সেফুদা চরিত্র অন্তর্ভুক্ত করে প্রশ্ন তৈরি করা রাজউক উত্তরা মডেল কলেজের (স্কুল শাখা) ধর্ম শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার কলেজের উপাধ্যক্ষকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজউক উত্তরা মডেল কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘এই

 

শিক্ষক যে প্রশ্নপত্র তৈরি করেছেন তা শিক্ষকসুলভ নয়। এমনকি কোনো বিতর্কিত ব্যক্তিসহ বিতর্কিত বিষয় প্রশ্নপত্রে করা যাবে না বলে শিক্ষা বোর্ডের একটি পরিপত্র আছে। ওই শিক্ষক এটা লঙ্ঘন করেছেন। ফলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে।’

তিনি বলেন, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা প্রমাণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিয়মানুযায়ী কারও বিরুদ্ধে তদন্ত চললে তাকে সাময়িক বরখাস্ত রাখা হয়। সে হিসেবেই ধর্ম শিক্ষক জাহিনুল হাসানকে বরখাস্ত করা হয়েছে। আগামী ১৮ তারিখ কমিটি তাদের প্রতিবেদন দিলে স্কুলটির গভর্নিং বডি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

গত সোমবার (৮ জুলাই) প্রতিষ্ঠানটির দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায় ইসলাম শিক্ষা প্রশ্নপত্রে সিফাত উল্লাহ মজুমদারকে (সেফুদা) উল্লেখ করে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত