যতদিন সুস্থ হওয়ার সম্ভাবনা, ততদিন লাইফ সাপোর্টে এরশাদ: জিএম কাদের

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০৬:২৮ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের যতদিন সুস্থ হওয়ার সম্ভাবনা আছে ততদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হবে বলে জানিয়েছেন জিএম কাদের। 

তিনি জানান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। 

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। 

জিএম কাদের বলেন, এরশাদের শারীরিক অবস্থা কোনো কোনো ক্ষেত্রে উন্নতি হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার পালস ও রক্তের চাপ স্বাভাবিক রয়েছে। অক্সিজেনের সাপোর্টে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। ডায়ালাইসিসের মাধ্যমে এরশাদের রক্তের বর্জ্য বের করা হয়েছে।

তিনি বলেন, এরশাদের কিডনি, লিভারসহ অন্যান্য অর্গানগুলো স্বাভাবিকভাবে কাজ করলে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে। তার হজম প্রক্রিয়াও কিছুটা উন্নতি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, এরশাদকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার শতভাগ প্রস্তুতি আছে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেওয়া হয়নি। দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হচ্ছে তার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মো. আজমখান, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত