ভালো কাজের জন্য ঢাকা রেঞ্জের ৬১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। তা ছাড়া নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ শ্রেষ্ঠ এসপি হয়েছেন।
বৃহস্পতিবার সেগুনবাগিচার রেঞ্জ কার্যালয়ে তাদের পুরস্কৃত করেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। এই সময় অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড অপরাধ) মো. আসাদুজ্জামান ও ১২ জেলার পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা ও ২য় ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ছয় চৌকিদারসহ ৬১ অফিসারকে পুরস্কৃত করা হয়। নারায়ণগঞ্জ এসপি ছাড়াও মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহা. হাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ জেলার “গ” সার্কেলের সিনি. সহ. পুলিশ সুপার আফসার উদ্দিন খাঁন রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়।
রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্তে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে কাজ করতে পুলিশ সুপারদের নির্দেশ দেন।
তিনি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ দেন।
বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
