বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, পুলিশের হাতে গ্রেপ্তার কিংবা নির্যাতনের ভয়ে ঘরে বসে থাকলে আন্দোলনে সফলতা আসবে না। আর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিও হবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’। ফারুক বলেন, ‘দেশের জনগণ বিএনপি নেতাদের বলছে কর্মসূচি দেওয়ার জন্য। তাই কৌশল নির্ধারণ করে রাজপথে নেমে আন্দোলন করতে হবে। দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে।’
তিনি বলেন, ‘আন্দোলনের কর্মসূচি দিলে যাদের দিয়ে সরকার ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখে করিয়েছে তারা বাধা দেবে। কিন্তু সেই পুলিশের ভয়ে রাজপথে না নেমে ঘরে বসে থাকলে কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সম্ভব হবে না।’
