সরকারকে বিপদে ফেলতে পদ্মা সেতু নিয়ে গুজব : কাদের

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০২:৫৫ এএম

সরকারকে বিপদে ফেলতে ‘পদ্মা সেতুতে মাথা লাগবে’ এমন গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসী, দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মিসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  আওয়ামী লীগ

সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। দৃশ্যপট যতই দুর্বল হোক তলে তলে ষড়যন্ত্র বাড়ছে। সরকারকে বিপদে ফেলতে গুজবের ডালপালা বিস্তার করছে। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হচ্ছেÑ এটা তারা সহ্য করতে পারছে না, গায়ে জ্বালা ধরছে। তাই তারা বলে লক্ষ মানুষের মাথা ও রক্তের প্রয়োজন। এই সকল অপপ্রচারের বিরুদ্ধে ফেইসবুকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকটিভ হতে হবে। সর্বমুখী সাইবার অ্যাটাক হচ্ছে, এরও পাল্টা জবাব দিতে হবে। অপশক্তির অপপ্রচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘গত নির্বাচনে সাইবার অ্যাটাক করতে না পারায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আজকের এই শান্তিপূর্ণ অবস্থা সব সময় এক থাকবে, এমন মনে করার কিছু নেই। নীরবতার মধ্যে হলি আর্টিজান ঘটবে না, এ কথা মনে করার কিছু নেই। সতর্ক থাকতে হবে। সাহস নিয়ে এগিয়ে যাবেন।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা কি বিভ্রান্ত হয়েছেন যে মানুষের কল্লা লাগবে, এত রক্ত দরকার। এ সকল অপপ্রচার, কী নির্মম নিষ্ঠুর এদের রাজনীতি। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এখন শুরু করেছে অপপ্রচার। অপপ্রচার ছাড়া এদের কোনো পুঁজি নেই। এই অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

চিহ্নিত সন্ত্রাসী, দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমরা কোয়ালিটি দেখব। জনগণের কাছে যারা গ্রহণযোগ্য নয়, ভালো মানুষ নয়, এসব মানুষ আওয়ামী লীগে কোনো প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যাকে-তাকে আওয়ামী লীগের সদস্য পদ দিতে পারব না। নির্বাচনের সময় জোয়ারে অনেকেই আওয়ামী লীগ ও নৌকার পক্ষে মিছিল করেছে। সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারব কি না সেটা ভাবতে হবে।’

দলে শৃঙ্খলা আনতে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসমাবেশ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দলের শৃঙ্খলার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। শৃঙ্খলা ছাড়া দলের গতিশীলতা বাড়বে না, দলের কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। আর এর জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা কর্মিসভা করবেন।’

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারামুক্ত করা হবেÑ বিএনপি নেতাদের এমন বক্তব্যে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার জামিনের ব্যাপার বরাবরই আদালতের বিষয়। খালেদা জিয়াকে আওয়ামী লীগ জেলে বন্দি করেনি। আদালতের আদেশে দুর্নীতির মামলায় তিনি বন্দি হয়েছেন। এ কথা আমরা বারবার বলছি। এটা আইনগত ব্যাপার, আইনি লড়াই করে আপনারা তাকে বের করে আনতে পারেন।’

দেশের কোথাও গণতন্ত্র নেইÑ বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে গণতন্ত্রের কোনো সংকট নেই। গণতন্ত্রের যদি সংকট থাকে সেটা আছে বিএনপিতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত