পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সমুদ্র হচ্ছে পৃথিবীর শরীরের রক্তপ্রবাহ। রক্তপ্রবাহ দূষিত হলে যেমন মানুষ বাঁচে না, তেমনি সমুদ্র দূষিত হলে পৃথিবী বাঁচবে না। তাই সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পরিবেশ মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ও সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্টাল প্রোগ্রামের উদ্যোগে ‘লন্ডন প্রটোকল’র ওপর এ কর্মশালার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, ‘পরিবেশের একটি বড় অংশ এবং পানির প্রধান উৎস হচ্ছে সমুদ্র। এই প্রধান উৎসকে আমরা নষ্ট করে দিচ্ছি নানা ধরনের দূষণের মাধ্যমে। মানবসমাজের আচরণ দেখে মনে হয় বর্জ্য অপসারণের সবচেয়ে উপযোগী স্থান হচ্ছে সমুদ্র, যা মোটেই উচিত হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘বছরে ২৫০ মিলিয়ন টন বর্জ্য পড়ে সমুদ্রে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্লাস্টিক বর্জ্য। তারপর রয়েছে তেলজাতীয় পদার্থ ও জাহাজ থেকে নিক্ষিপ্ত অন্যান্য বর্জ্য। আমাদের এই আচরণ থেকে সরে আসতে হবে; যদি আমরা সমুদ্রকে বাঁচাতে চাই। বিশ্বব্যাপী আজ এই সচেতনতা তৈরির সময় হয়েছে।’
