পবিত্র হজ পালনে ৯৫টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৩৪ হাজার ৭৪৪ হজযাত্রী। গত ৪ থেকে ১১ জুলাই পর্যন্ত ৮ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৭টি ও সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে মক্কায় পৌঁছান তারা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ।
বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার
জানিয়েছেন, এবার কোনো ধরনের সংকট, জটিলতা ছাড়াই নির্বিঘেœ সুষ্ঠুভাবে চলছে হজ অপারেশন। এরই মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৬৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৭৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মদ মাকসুদুর রহমানের নেতৃত্বে মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দল, চিকিৎসক দল এবং আইটি দলের সদস্যরা হজযাত্রীদের বিভিন্ন সেবা দিচ্ছেন। হজযাত্রীদের যাত্রার ৮ ঘণ্টা আগে আশকোনা ক্যাম্পে অবস্থান করার জন্য অনুরোধ জানান তিনি।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এবার হজ ফ্লাইট শুরু হয় গত ৪ জুলাই; শেষ হবে ৫ আগস্ট। হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১৭ আগস্ট। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে তাদের ফিরিয়ে আনা হবে।
