রাঙ্গামাটির কাপ্তাইয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর পাহাড় ধসে পড়ে অতুল বড়–য়া (৫০) ও আতামং মারমা ওরফে শিলাউ (৫৩) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বান্দরবান-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কের রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, রাউজান
উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা অতুল বড়ুয়ার মালিকাধীন পাহাড় আছে কাপ্তাইয়ের কারিগরপাড়ায়। ওই পাহাড়ে তিনি ফলদ ও বনজ গাছের বাগান করেছেন। শিলাউ মারমা তার বাগানের তত্ত্বাবধায়ক। গতকাল তিনি শিলাউকে সঙ্গে নিয়ে বাগান দেখতে যান। সেখান থেকে ফেরার জন্য তিনি রাস্তার পাশে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ অপেক্ষার পর একটি অটোরিকশা এসে থামে তাদের নিতে। অটোরিকশায় ওঠার সময় হুড়মুড়িয়ে একটা পাহাড়ের অংশ ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ওই সময় অটোরিকশার যাত্রী নুর হোসেন (২৮), আবুল শামা (৪৪), চিংহ্লাউ মারমা (৩৪) ও চালক জাহেদ (২৪) আহত হন। তাদের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ জানান, পাহাড়ধস হওয়ায় রাঙ্গামাটির সঙ্গে রাজস্থালী ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
ক্যাপশন : কাপ্তাইয়ে পাহাড়ধসে মাটিচাপা পড়ে মৃত দুজন। ছবি : দেশ রূপান্তর
