থানা আ.লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

রূপগঞ্জ, আড়াইহাজারে দুই প্রভাবশালীর সমর্থনই প্রধান

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১০:৫১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত শনিবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্মেলনের এ সিদ্ধান্ত হয়। প্রায় ২২ বছর পর আগামীকাল ১৬ জুলাই রূপগঞ্জ এবং ১৫ বছর পর ১৯ জুলাই শুক্রবার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

জেলার গুরুত্বপূর্ণ এ দুটি আসনে রয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর এবং নজরুল ইসলাম বাবু। এই দুই প্রভাবশালীর ইচ্ছা এবং সমর্থনেই উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচিত হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। জেলা আওয়ামী লীগের ওই বর্ধিত সভায় সহসভাপতি ও সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাব করলেও এত অল্প সময়ে তা করা সম্ভব হবে না বলে অধিকাংশ নেতাকর্মীরা মত দেন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পরও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের থানা কমিটিগুলোতে গতি ফেরেনি। একের পর এক দলীয় কার্যক্রমের মধ্য দিয়েই তাদের দিন অতিবাহিত হচ্ছে। ফলে প্রায় দেড় যুগ আগের করা কমিটি দিয়ে চলছিল থানা কমিটিগুলোর কার্যক্রম।

টানা তিন মেয়াদ ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ তাদের থানা কমিটিগুলো নবায়ন করতে পারেনি। তবে এবার কমিটিগুলো নবায়ন করার উদ্যোগ গ্রহণ করায় কিছুটা চাঞ্চল্য দেখা গেছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত