দুমকিতে চালককে অচেতন করে অটোবাইক ছিনতাই

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১০:৫৭ পিএম

পটুয়াখালীর মৌকরণ-থানা ব্রিজ-পাতাবুনিয়া সড়কে চালককে অচেতন করে তার অটোবাইক নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দুপুর ২টায় সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ওই চাকলকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অটোবাইক চালকের নাম মো. আতিকুর রহমান নয়ন (২২)। তার গ্রামের বাড়ি উপজেলার কাত্তিকপাশা বুদ্ধিজীবী বাজার এলাকায়।

দুমকি থানা ব্রিজ অটো স্ট্যান্ডের সিরিয়ালম্যান মো. সবুজ মৃধা জানান, যাত্রীবেশী প্রতারক চক্র অটোরিকশাটি ভাড়া নিয়ে খাবারের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে চালক নয়নকে রাস্তায় ফেলে রেখে অটো নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে অটোচালক নয়নকে হাসপাতালে পাঠানো হয়েছে। চেতনা ফিরলে সম্পূর্ণ ঘটনা জানা যাবে। তিনি আরও বলেন, নয়ন মাত্র কয়েক দিন আগে দেনার টাকায় অটোবাইকটি কিনে মৌকরণ-দুমকি সড়কে চালাতে শুরু করছিল।

দুমকি থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘অটোবাইক চুরি হয়েছে বলে লোকমুখে শুনেছি। লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত